‘রেপ-টেপ তো সব জায়গাতেই হয়…’, সৌরভের পর এবার ডোনা, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেও বিতর্কিত মন্তব্য নৃত্যশিল্পীর

আর জি কর কাণ্ড নিয়ে যখন চারিদিক উত্তাল, সকলে যখন প্রতিবাদের সুর চড়িয়েছেন, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছেন, সেই সময় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। আর এবার আর জি কর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সৌরভ-স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

আর জি কাণ্ডের প্রতিবাদে নিজের নাচের দলকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেই মিছিলে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। অনেকেই সেই সময় বলেছিলেন, বিতর্ক ধামাচাপা দিতেই এই মিছিল। এবার তরুণী চিকিৎসকের মৃত্যুর একমাসের মাথায় বিতর্কিত মন্তব্য করলেন ডোনা।

গতকাল, সোমবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। এই অনুষ্ঠানে উদ্বোধনের পাশাপাশি নিজের দীক্ষা মঞ্জরির ছাত্রছাত্রীদের নিয়ে ‘তাসের দেশ’ নৃত্যনাট্যটি পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। গতকাল সুপ্রিম কোর্ট যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে, সেই বিষয়ে তাঁর মতামত চাওয়া হলে তিনি বলেন, “এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে”?

তাঁর কথায়, “সব মানুষ প্রতিবাদ করছে, এটা আমাদের বাংলার গর্ব। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাব”।

অন্যদিকে আবার ডোনা যেদিন এই মন্তব্য করেন সেদিনই আবার আর জি কর নিয়ে মন্তব্য করতে শোনা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তিনি বলেছেন, “অরাজনৈতিক মানুষরা যে ভাবে রাস্তায় নেমেছেন, চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা দেখার মতো”।

আরও পড়ুনঃ আগের বার সৃষ্টি হয়েছিল তুমুল বিতর্ক! এবার ফের আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন ‘দাদা’, কী বলছেন সৌরভ?

সৌরভের সংযোজন, “আমি চাইব মেয়েটি যেন দ্রুত সুবিচার পায়। বহু মানুষ এই অরাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছেন। আমিও তাঁদের পাশেই দাঁড়াতে চাই। যে কোনও মামলার ফলাফল ঘোষণা হতে একটু বেশিই সময় লাগে। তবে আমি আদালতের কাছে আবেদন করব, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে যেন সুবিচার দেওয়া হয়। এমন রায় দেওয়া হোক, যাতে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়। ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ না করতে পারেন”।

RELATED Articles