আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার তিনমাস হতে চলল প্রায়। এখনও অধরা বিচার। চলছে আন্দোলন-প্রতিবাদ। ন্যায় বিচারের দাবী উঠেছে সর্বত্র। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মেয়ের সঠিক বিচারের অনুরোধ জানালেন নির্যাতিতার মা-বাবা।
গতকাল, রবিবার ভাইফোঁটার দিন আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করতে তাদের বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে ছিলে কৌস্তভ বাগচি, তাপস রায় ও অন্যান্য বিজেপির কর্মী-সমর্থকরা। সেখানেই নির্যাতিতার মা-বাবা শুভেন্দুর কাছে আর্জি জানিয়েছেন যাতে তাদের মেয়ে ন্যায় বিচার পায়।
এদিন নির্যাতিতার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ নিয়ে শুভেন্দু বলেন, “আমি একাধিকবার মঞ্চ থেকে, প্রতিবাদ মিছিল থেকে নির্যাতিতাকে বোন বলে সম্বোধন করেছি। বলেছি, বোনের বিচার চাই। তাই আজ যখন তাঁর মা-বাবার সঙ্গে দেখা করলাম, তখন তাঁরা হৃদয়স্পর্শী কথা বলেছেন। জানিয়েছেন, আমি যখন তাঁদের মেয়েকে বোন বলে ডেকেছি তখন বোনের সঙ্গে যারা এরকম নারকীয়, মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দায়িত্বও আমার। এর জন্য যা যা করণীয় আমি যেন তাই করি”।
শুভেন্দু কথায়, “আইনজীবী কৌস্তভ বাগচীর সঙ্গে কথা বলে তাঁরা আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাই এসেছিলাম। তাঁদের কথা দিয়েছি, বিচার না পাওয়া অবধি তাঁদের সঙ্গেই থাকব আমি আর আমার দল”।
আরও পড়ুনঃ ‘দয়া করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবেন না…’, বকেয়া পরিশোধ করার সময় চেয়ে আদানির কাছে হাতজোড় করে আর্জি বাংলাদেশের ইউনূস সরকারের
গত সপ্তাহে বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেন নি তিনি। সেই বিষয়ে যদিও মুখ খুলতে চান নি শুভেন্দু। তিনি জানান, এই বিষয় নিয়ে নির্যাতিতার মা-বাবার সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা তিনি সকলের সামনে বলতে চান না।






