স্পেশ্যাল ট্রেনে যাত্রার অনুমতির দাবিতে চুঁচুড়া স্টেশনে বিক্ষোভ! রেল পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রথমে লিলুয়া (Liluah) তারপর হুগলির সদর শহর চুঁচুড়া (Chuchura)। হাওড়া ব্যান্ডেল শাখার মেন লাইনে আজ দু’ক্ষেপে রেল অবরোধ হয়। ভারতবর্ষে করোনার ভালো মতো আগমন হয় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে। লকডাউন-এর জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় গণপরিবহন। কিন্তু অন্যান্য সবকিছুই প্রায় খুলে গেলেও বিগত সাত মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু অফিস তো আর কথা শুনবে না। তাই সরকারি চাকুরেকে‌ও মোটা টাকা গুনে যেতে হচ্ছে অফিসে।

শুধুমাত্র কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে যেগুলিতে আবার সাধারণ যাত্রীদের সফর নিষিদ্ধ। ফলে অফিস পৌঁছতে নাজেহাল পরিস্থিতি হচ্ছে আমজনতার। ফলে কেউ কেউ নিয়মের তোয়াক্কা না করেই উঠে পড়ছেন স্পেশ্যাল ট্রেনে। আর এহেন খবর‌ই পেয়েছিল রেলপুলিশ। সেই কারণেই সোমবার সকালে লিলুয়া স্টেশনে হাওড়াগামী একটি ট্রেনে চেকিং চালানো হয়। তখন বহু যাত্রী ধরা পড়েন। ট্রেন থেকে তাঁদের নামিয়ে ফাইন করা হয়। এতেই রণক্ষেত্রের চেহারা নেয় লিলুয়া স্টেশন। তুমুল অশান্তি শুরু করে ক্ষুব্ধ যাত্রীরা। চলে বচসা। অভিযোগ, যাত্রীরা হামলা চালায় স্টেশনের অফিসে। ভাঙচুর করা হয় সেখানে থাকা অধিকাংশ সামগ্রী।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। নামানো হয় ব়্যাফ। পুলিশ ও র়্যাফ ময়দানে নামতেই ছত্রভঙ্গ হতে শুরু করে ক্ষুব্ধ যাত্রীরা। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। একই সঙ্গে, স্পেশ্যাল ট্রেনে যাত্রার অনুমতির দাবিতে এদিন চুঁচুঁড়া স্টেশনে বিক্ষোভ দেখান বহু যাত্রী। রেল লাইন আটকে চলে বিক্ষোভ। উল্লেখ্য, স্পেশ্যাল ট্রেনে ওঠার দাবিতে রবিবার সরগরম হয়ে উঠেছিল হুগলির (Hooghly) তিনটি স্টেশন। চলে বিক্ষোভ, অবরোধ। রেলপুলিশের বিরুদ্ধে উঠেছে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগও।

RELATED Articles