বর্তমান মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট কার্যক্রমের পরিচালক এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার জাহির খান শীঘ্রই বাবা হতে চলেছেন। জাহির খান ২০১৭ সালে ‘চক দে ইন্ডিয়া’ ছবি খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগের সাথে বিয়ে করেছিলেন। তাদের দুজনেই সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্স দলের সাথে রয়েছেন। তবে জাহির ও সাগরিকা এখনও সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করেননি।
সম্প্রতি মুম্বই মিরর থেকে প্রাপ্ত খবরে বলা হয়েছে, সাগরিকা গর্ভবতী। জানা গিয়েছে, জাহির ও সাগরিকার বন্ধুরাও নিশ্চিত করেছেন যে সাগরিকা সন্তান সম্ভবা। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স জাহির খানের জন্মদিন উদযাপন করেছে এবং এই সময়ে সাগরিকা ঘাটগেকে কালো পোশাকে দেখা গিয়েছিল। আইপিএলের ১৩ তম আসর শুরুর আগেই ভারতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও ভক্তদের সাথে সুখবর শেয়ার করে নিয়েছিলেন।
অনুষ্কা জানুয়ারিতে তাদের প্রথম সন্তানের জন্ম দেবে এবং তিনিও এখন বিরাটের সাথে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। জাহির এবং সাগরিকা এখনও আনুষ্ঠানিকভাবে এই সুখবর অনুরাগীদের সাথে শেয়ার করেননি। কিছুদিন আগেই জাহিরের জন্মদিনে একটি পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে সাগরিকা লিখেছিলেন, “আমার সেরা বন্ধু, প্রেম এবং সবচেয়ে নিঃস্বার্থ ব্যক্তির জন্য। শুধু আমি নয়, সবাই জানে যে তোমাকে ছাড়া আমি হেরে যেতাম। শুভ জন্মদিন।”






