বড় সুখবর এল বঙ্গবাসীর জন্য। ফের আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। হাওড়া-জলপাইগুড়ির পর এবার নতুন এই বন্দে ভারতের যাত্রাপথ হবে হাওড়া-পুরী। আগামী মাসেই শুরু হতে পারে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেনের পথচলা।
চলতি বছরের শুরুতেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের পথচলা শুরু হয়। তার ফলে মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছচ্ছেন যাত্রীরা। বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে বোলপুরে।
এছাড়াও এই সেমি হাইস্পিড এক্সপ্রেস দাঁড়াচ্ছে মালদহ টাউন এবং বারসোই স্টেশনেও। যাত্রী স্বাচ্ছন্দ্যে অনুকূল এই বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে একাবারে প্রস্তুত। এই ট্রেনটি পুরোটাই এসি চেয়ার কার। প্রতিটি আসন ঘোরে ৩৬০ ডিগ্রি অর্থাৎ কোচে রিভলবিং চেয়ার রয়েছে। ট্রেনের অন্দরেই রয়েছে খাওয়াদাওয়ার ব্যবস্থাও।
বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে না হতেই ফের এল আরও একটি বন্দে ভারতের খবর। রেল সূত্রে খবর, আরও একটি বন্দে ভারত ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এবার হাওড়া থেকে জগন্নাথধাম অর্থাৎ পুরী পর্যন্ত হবে এর যাত্রাপথ। আগামী মাসেই বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। তবে ট্রেনটি ঠিক কবে থেকে চালু হচ্ছে, ট্রেনের ভাড়াই বা কত বা ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি রেলের তরফে।
বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গে চালু হওয়ার পর থেকেই একাধিকবার হামলার মুখে পড়েছে। কখনও এই রাজ্য থেকে তো কখনও আবার ভিনরাজ্যে। আর বারবার এই হামলার ফলে চিন্তা বেড়েছে রেল কর্তৃপক্ষের। কারা এই হামলা করছে, তা নিয়ে তদন্ত করছে আরপিএফ। এবার নতুন আসা বন্দে ভারতে যাতে তেমন কোনও হামলা না হয়, সেদিকে নজর রয়েছে রেল কর্তৃপক্ষের।





