সকাল হতেই অনেক জেলায় শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ সারাদিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। কলকাতা সহ আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার দ্বিতীয়ার্ধে এসে অগাস্ট-সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিই দেখা যেতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আজ থেকে আগামী ১০ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। ফলে যাঁরা বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন, ছাতা কিন্তু হাতে রাখতেই হবে!
উত্তরবঙ্গের দিকেও চোখ রাখলে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পঙে আজ থেকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদাতেও বিভিন্ন দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জল জমে বিপত্তি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এদিকে দক্ষিণবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে এইসব অঞ্চলে বন্যা বা জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ Trigrahi Yog: টেনশনের দিন শেষ! ১৮ অগস্ট থেকে ভাগ্য খুলবে ৩ রাশির, কী কী প্রাপ্তি আসছে জীবনে?
কলকাতার তাপমাত্রা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে জেনে রাখুন আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশপাশে, আর সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে ৮১ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত। তবে আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা বদলাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।





