আবার সক্রিয় মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলায়ই কোথাও রোদের ফাঁকে মেঘ, তো কোথাও ঝিরঝিরি বা মাঝারি বর্ষণ।
দক্ষিণবঙ্গে দিন কয়েক ধরে গুমোট গরম থাকলেও আকাশে জমছে কালো মেঘ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বেশিরভাগ জেলায়। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে।
স্বাধীনতা দিবসে কোথায় কেমন বৃষ্টি হবে?
আজ, ১৫ আগস্ট, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমেও বৃষ্টি হবে। শনিবারও নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমছে
আরও পড়ুনঃ India Pakistan Tension: যুদ্ধ-উস্কানিতে চূড়ান্ত সতর্কবার্তা! পাকিস্তানকে সংযত থাকার পরামর্শ ভারতের!
শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টি নামার সম্ভাবনা। সোমবারও কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।





