গরমে নাজেহাল রাজ্যবাসী। সকাল হলেই যেন তাপপ্রবাহের কামড়ে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। কদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ ছুঁয়েছে ৩৬-৩৭ ডিগ্রির কাছাকাছি। একটানা এই দাবদাহে হাঁসফাঁস মানুষ। এমন অবস্থায় সকলে তাকিয়ে ছিল কবে মিলবে একটু বৃষ্টি, কবে মিলবে স্বস্তি। তবে অপেক্ষার অবসান হয়তো এবার হতে চলেছে। কারণ, আবহাওয়ার যা ইঙ্গিত, তাতে দক্ষিণবঙ্গের আকাশ খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে।
বসন্তের শেষ ভাগে গরমের দাপট যত বাড়ছে, ততই বাড়ছে মানুষের কষ্ট। দুপুরের পর রাস্তাঘাট কার্যত ফাঁকা। কোথাও কোথাও মাথায় গামছা বেঁধে, তো কোথাও ছাতা দিয়ে নিজেদের রোদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন পথচলতি মানুষ। তবে এই দাবদাহের মধ্যেই মিলতে পারে কিছুটা স্বস্তি। কারণ, বঙ্গোপসাগর এবং পশ্চিমী ঝঞ্ঝার যুগলবন্দিতে ফের সক্রিয় নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার অর্থাৎ আজকের দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হতে পারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। সঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রপাতও। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে প্রবল দমকা হাওয়ার সঙ্গে হতে পারে ঝড়-বৃষ্টি।
কলকাতার ক্ষেত্রে অবশ্য আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শহরে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭, ৮ এবং ৯ এপ্রিল কলকাতাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি।
আরও পড়ুনঃ Astrology: এই বসন্তে কর্কট রাশিতে মঙ্গল গ্রহের প্রভাব ! কোন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে?
সবচেয়ে বড় বিষয়, আন্দামান সাগরের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা খুব দ্রুত নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই আন্দামান সাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সেইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এই নিম্নচাপের যুগলবন্দিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। আর এই কারণেই ৭, ৮ ও ৯ এপ্রিল রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।





