Weather update : সপ্তাহে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস! রাজ্যে জারি হলুদ সতর্কতা, কি বলছে আবহাওয়া দপ্তর?

বৈশাখের নাম শুনলেই কল্পনায় ভেসে ওঠে রোদের খরতাপ, মাথার উপর একচিলতে আগুনের গোলা আর তার সঙ্গে ঘামে ভেজা শরীর। এই সময়েই তো সাধারণত রাস্তায় পা ফেলতেই হাঁসফাঁস লাগে, পাখা-এসি সব হার মানে সেই দাবদাহের সামনে। কিন্তু চলতি বছরের বৈশাখ যেন অন্যরকম। সকাল হোক বা দুপুর, একটানা ঘেমে-নেয়ে একাকার হওয়ার বদলে এবার যেন বাতাসে মিশে আছে একরাশ প্রশান্তি। রোদের কড়াকড়িও যেন কিছুটা কমে এসেছে।

কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত। ভ্যাপসা গরমের বদলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে দেখা মিলছে হালকা মেঘের। কোথাও কোথাও তো হালকা ঝিরঝিরে বৃষ্টিও ফেলেছে স্বস্তির ছোঁয়া। এমন দিনে শরীর ঘামে না, বরং মন চায় জানালা খুলে হাওয়া খেতে। চলাফেরাতেও কোনও ক্লান্তি নেই। এই রকম আবহাওয়া বৈশাখে বিরল। স্বাভাবিকভাবেই শহরবাসী থেকে গ্রামবাসী, সকলেরই মুখে এখন একটাই কথা— “বৈশাখে এমন স্বস্তি আগে কখনও পাইনি!”

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার বুকে। এর জেরেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিস্থিতি। আগামী রবিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই বলেই পূর্বাভাস। বরং বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে বৃষ্টি।

উত্তরবঙ্গেও পরিস্থিতি একইরকম। আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি, দক্ষিণের সব জেলাতেও শুক্রবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ফলে বৈশাখের মাঝামাঝি সময়েও রাজ্যজুড়ে মিলতে পারে স্বস্তিদায়ক ঠান্ডা হাওয়া।

আরও পড়ুনঃ Astrology : লক্ষ্মীনারায়ণের কৃপায় খুলবে সাফল্যের দরজা! ৩০ এপ্রিল কোন ৫ রাশি পাবে জীবনে বিরাট সৌভাগ্যের ইঙ্গিত?

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১৯.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আজ বুধবারও আকাশ আংশিক মেঘলা থাকবে, থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। তাপমাত্রাও থাকবে স্বস্তির সীমারেখায়—সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে বৈশাখে এবার প্রকৃতির মুড যেন স্বস্তি আর স্নিগ্ধতায় ভরপুর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles