মহালয়া থেকেই চলছে টানা বৃষ্টি। টানা বৃষ্টির দরুন ভেস্তে গিয়েছে পূজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এবং বাজার। তবে বাঙালীর মূল চিন্তা পূজোর চারটি দিন নিয়ে। পূজোর চারদিনে কি হতে চলেছে!! বৃষ্টি নাকী ঝলমলে আকাশ তা নিয়েই চিন্তায় বাঙালীরা। তবে দক্ষিণের জন্য এবারে সুখবর দিলো আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর যে আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং পাহাড়ি জেলাগুলোতেও৷ এমনকি বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর দিলেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আজ রাত থেকে ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে একই সঙ্গে খারাপ খবর উত্তরবঙ্গবাসীদের জন্য। উত্তরবঙ্গে পূজোর চারদিনও রয়ে যাচ্ছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, যে নিন্মচাপ অক্ষরেখাটি পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ বিহারের ওপর দিয়ে বিস্তৃত হয়েছিল। সেই অক্ষরেখাটি নিন্মচাপের দরুণ দক্ষিণ থেকে উত্তরের দিকে এসে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতির আশা দেখা দিলেও উত্তরবঙ্গ কার্যত পূজোতেও ডুবে থাকতে পারে দু্র্যোগেই।





