আসামে এনআরসি এর পর পশ্চিমবঙ্গেও এনআরসি এর কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ হতে৷ কিন্তু বাংলাতে এনআরসি নিয়ে কেন্দ্রের চরম বিরোধিতা করে চলেছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন যে বাংলায় এনআরসি হবেনা কিছুতেই। তবে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টই জানালেন যে বাংলাতে এনআরসি হবেই।
এনআরসি নিয়ে যথেষ্ট আতঙ্কিত বাংলার মানুষ। ইতিমধ্যেই এই আতঙ্কে ১১ জনের মৃত্যু হয়েছে বলে দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর দাবী মানতে নারাজ অমিত শাহ আজ বলেন যে, এনআরসি নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ আতঙ্কের কোনো কারণ নেই, বাংলাতে যে এনআরসি হতে চলেছে তা হবে নাগরিক (সংশোধিত) বিলের পাশের পরই৷
এই প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছেন যে, নাগরিক (সংশোধিত) বিল পাশ করেই বাংলাতে এনআরসি করা হবে। এক্ষেত্রে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷ তাদের দেশ থেকে বের করার কোনো প্রশ্ন নেই৷ তবে অমিত শাহ আরও জানিয়েছেন যে তাদের একমাত্র লক্ষ্য দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো৷ স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার যে, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই এই দেশে থাকতে দেওয়া হবে না।
এই প্রসঙ্গে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে চলায় আজ অমিত শাহ ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাষণের কথা উল্লেখ করে বলেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যেসময় বিরোধী পক্ষ ছিলেন তখন তিনি বহিরাগতদের হটাতে চেয়েছিলেন৷ কিন্তু এখন যেহেতু সেই বহিরাগতরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক হয়েছে তাই আর এনআরসি চাইছেননা মুখ্যমন্ত্রী। তবে বাংলাতে যে এনআরসি হবেই তা এদিন স্পষ্টই জানিয়েদিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।





