উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorms)।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। আর তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office)। উত্তরবঙ্গে (North Bengal) পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রপাতের আশঙ্কা।
কলকাতায় আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে আকাশের মুখ ছিল ভার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদের মুখ দেখা যায়।
বর্তমানে মৌসুমী অক্ষরেখার অবস্থান দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, খড়গপুরের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর এই ঘূর্ণাবর্তের টানেই জলীয়বাষ্প (Aqueous vapour) ঢুকছে বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে।





