গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে প্রবল জলমগ্ন কলকাতা। শহরের নানান জায়গায় এখনও পর্যন্ত জল জমে। এর জেরে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে আলিপুর আবহাওয়া দফতরের খবর, কলকাতায় বৃষ্টি কমবে। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা।
সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এটি পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খন্ড হয়ে পৌঁছবে দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে।আজ, শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায়।
এও জানা গিয়েছে যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও। তবে কলকাতা-সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ কমবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা ।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫৮.৮ মিলিমিটার।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, শনিবার থেলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার।, ও জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় বৃষ্টি হবে।
সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল, শনিবার পর্যন্ত ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডে এবং বিহারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুক্র ও শনিবার প্রবল বর্ষণের সম্ভাবনা ঝাড়খন্ডেও। আগামী রবিবার মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সর্তকতা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদের যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, হাওড়া, হুগলীতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। এও জানা গিয়েছে যে সমুদ্র উপকূলে এই ঝোড়ো হাওয়ার বেগ বাড়বে।





