শীত প্রায় বিদায় নিয়েছে, বসন্তের আমেজ ক্রমশ স্পষ্ট হচ্ছে দক্ষিণবঙ্গে। সকালে সামান্য ঠান্ডার ছোঁয়া থাকলেও, বেলা গড়াতেই উধাও হয়ে যাচ্ছে সেই অনুভূতি। শহরের অনেকেই ইতিমধ্যে ফ্যান চালানো শুরু করেছেন। অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার চাদর এখনও কাটেনি। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকলে তা তাপমাত্রায় প্রভাব ফেলতে পারে। দক্ষিণবঙ্গের আকাশ কবে মেঘে ঢাকবে? আর উত্তরে কি তুষারপাতের সম্ভাবনা রয়েছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। ওইদিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ার কিছু এলাকায়। পরদিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেইদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলিতে কুয়াশার দাপট থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টি চলতে পারে বলে অনুমান।
২১ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি ও কয়েকটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি আবারও দক্ষিণবঙ্গের সর্বত্র ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রার ওঠাপড়ার সম্ভাবনা থাকছে।
আরও পড়ুনঃ আর্থিক উন্নতি থেকে সম্পর্কের সুখ! শুক্রের দয়া কাদের জীবনে আনবে স্বপ্নপূরণের সুযোগ?
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ ফেব্রুয়ারি কমে ২২ ডিগ্রিতে নেমে আসবে। ২০ ও ২১ ফেব্রুয়ারি তা আরও কমে ২১ ডিগ্রির ঘরে পৌঁছবে। তবে ২২ তারিখ ফের ২২ ডিগ্রি হতে পারে এবং ২৩ ফেব্রুয়ারি তা ২১ ডিগ্রির নিচে নামতে পারে। এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। বৃষ্টি হলে গরম কমবে নাকি আর্দ্রতা আরও বাড়বে, সেটাই এখন দেখার বিষয়।





