তাপপ্রবাহ থেকে স্বস্তি, বেলা বাড়লেই ঝেঁপে আসবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি হয়েছে কালবৈশাখীর সতর্কতা

ভরা চৈত্র থেকেই তাপপ্রবাহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বঙ্গবাসীর। বৈশাখ মাস পড়তে না পড়তেই গরম আরও তীব্রতর হয়। প্রায় বৈশাখ শেষ হতে চলেছে তবে কালবৈশাখীর দেখা মেলেনি। উত্তরে দুই পাহাড়ি জেলা ছাড়া গোটা রাজ্য গরমে হাঁসফাঁস পরিস্থিতি। ‌কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলেছে একটানা তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে এবার বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টিপাতের (Rain) পূর্বাভাস মিলেছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। তাতে রবিবার সকাল থেকে মূলত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে। ‌ আবহাওয়াবিদরা মনে করছেন আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মেঘের সঞ্চার হবে। ‌ আগামী কটা দিন কাটবে বৃষ্টিতে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদেরা মনে করিয়ে দিয়েছেন এটি সাময়িক স্বস্তি, বৃষ্টির পর থেকেই ফের পারদ চড়তে থাকবে।

সোম ও মঙ্গলে দক্ষিণবঙ্গে বেশি ঝড় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। ঝড় বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনা জেলায়। আজ সোমবার রাজ্যের আটটি জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে কালবৈশাখীর জেরে কমবে তাপমাত্রা। আজ কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। ‌ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। ১০০ মিলিলিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদদের মত। ‌ সোমবার থেকে জেলায় জেলায় তাপপ্রবাহের রেশ কমেছে। ‌রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় ছিল। তবে অতিরিক্ত তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এখনই রাজ্যের আর কোথাও তাপ প্রবাহের সম্ভাবনা নেই।

সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হতে পারে। আজ বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলিসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া।

RELATED Articles