বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ফের রাজ্যে ফিরতে পারে বৃষ্টি। চলতি গরমের মাঝে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সপ্তাহের শেষে, বিশেষ করে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে রাজ্যের সব জেলায় একসঙ্গে ভারী বৃষ্টি হবে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দমকা হাওয়ার দাপট তুলনামূলকভাবে কম থাকবে। পাশাপাশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টির মধ্যেও অস্বস্তি থেকেই যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে বলা যায়, সপ্তাহের শেষে রাজ্যের বেশিরভাগ এলাকাই ভিজতে পারে বৃষ্টিতে।
এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে দাবদাহের প্রকোপ বৃদ্ধি পাবে। এই সময় বছরের স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করে। ভোর ও রাতের দিকে এখনও কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, আগামী দিনে তা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Astrology : সূর্য-শনি দ্বিদ্বাদশ যোগে ৭ দিন পর ভাগ্য খুলবে ৩ রাশি জাতকের! কার জীবনে আসছে খুশির বার্তা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবছর রাজ্যের গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকতে পারে। কলকাতার তাপমাত্রা ৪৫ ডিগ্রিতেও পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনের দিনগুলিতে কালবৈশাখী হতে পারে বটে, তবে তার তীব্রতা বা পরিমাণ এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। ফলে রাজ্যবাসীকে এবার প্রবল গরমের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে বলেই মত আবহাওয়াবিদদের।





