Weather update : পয়লা বৈশাখে ছাতা হাতে নববর্ষ? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আসছে স্বস্তির ঝরো হাওয়া, দেখে নিন বিস্তারিত!

বাঙালির হৃদয়ে পয়লা বৈশাখ মানেই নতুন শাড়ি-পাঞ্জাবি, দোকানে দোকানে হালখাতা, আর গানের তালে ভেজা আবেগের দিন। সকালটা শুরু হয় প্রদীপ জ্বালিয়ে, মিষ্টিমুখ করে। কিন্তু বছরের এই প্রথম দিনে যদি আচমকা এক পশলা বৃষ্টি এসে তাজা করে দেয় চারপাশ! কখনও কি ভেবেছেন, নতুন বছরের শুভ সূচনাটা হতে পারে একরাশ বর্ষার ছোঁয়ায়? ঠিক তেমন এক চমক দিতেই হাজির হয়েছে ১৪৩২ বঙ্গাব্দ।

চৈত্রের কাঠফাটা রোদের পর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল শহরবাসী। কলকাতা হোক বা মফস্বল, গত কয়েকদিনের দাবদাহে যেন ক্লান্ত শরীর চাইছিল একটু স্বস্তির পরশ। আর সেই পরশই হয়তো আজ নিয়ে আসবে বর্ষার প্রথম ইঙ্গিত! নতুন বছরের প্রথম সকালেই কোথাও কোথাও দেখা দিতে পারে মেঘলা আকাশ, হালকা বাতাস আর এক পশলা ঝরো হাওয়া। ঠিক যেন প্রকৃতির তরফে নববর্ষের স্পেশাল উপহার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায়— বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয়, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়াতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এই মুহূর্তে বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

পয়লা বৈশাখে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক শান্তই থাকবে বলে জানানো হয়েছে। যদিও বুধবার ও বৃহস্পতিবারে দার্জিলিং, জলপাইগুড়ি সহ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমির গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই দিনগুলিতে। অর্থাৎ বৈশাখের প্রথম দিনে না হলেও, ঠিক তার পরের দিন থেকেই উত্তরবঙ্গও পেতে পারে বর্ষার আগমনী সুর।

আরও পড়ুনঃ Astrology : দু’বার রাশি বদলাবে বুধ! কার জীবন বদলাবে আচমকাই, কার জুটবে বড় চাকরি? দেখে নিন তালিকায় আপনার নাম আছে কি না!

আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত একাধিক দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ১৬ তারিখে ঝড় ও বৃষ্টি, ১৭ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ১৮ তারিখে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, আর ১৯ ও ২০ এপ্রিলেও বজায় থাকবে এই বর্ষণের ধারা। অর্থাৎ, নববর্ষের শুরু হোক প্রকৃতির স্বস্তিদায়ক স্পর্শে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর