ক্রমেই বাড়ছে তাপমাত্রা! আজই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, জারি হলুদ সতর্কতা, শীত আর ফিরবে না?

মাঘ মাসের মাঝেই বঙ্গ থেকে উধাও শীত। নতুন মাস পড়তেই ফের ভিজল বঙ্গের মাটি। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে। শীত কী ফিরবে? প্রশ্ন বঙ্গবাসীর।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা কমবে না বলেই জানাল হাওয়া অফিস। গতকাল, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস

কেন হবে এমন বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি অক্ষরেখা রয়েছে। আর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ওড়িশা পর্যন্ত গিয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ৩ ফেব্রুয়ারি আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বঙ্গে।

আবার বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে পূবালী হাওয়ার প্রভাব বাড়ছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

ফেব্রুয়ারির শুরুতেই সিকিমে ফের হতে পারে তুষারপাত। আর এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। ২ ফেব্রুয়ারির মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট দেখা যাবে।  

অকাল বৃষ্টিতে ফের ক্ষতির আশঙ্কা আলু চাষে

এমন অকাল বৃষ্টির জেরে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। গত দু’দিন ধরে উধাও শীত আর এর উপর আবার বৃষ্টি যা আলু চাষের পক্ষে ক্ষতিকর। ইতিমধ্যেই আলুর গাছে নানান রোগ দেখা দিচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, হলুদ জাতীয় রোগ দেখা যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, এমনটা হলে আলুর ফলন ভালো হবে না। ক্ষতি হবে চাষে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles