আগামী সোমবার বিশ্বকর্মা পুজো। এরপরই রয়েছে গণেশ চতুর্থী। শহরজুড়ে চলছে প্রস্তুতি। কিন্তু তাও বাঙালির মনে চিন্তার উদ্রেক তো হচ্ছেই। আকাশ তো মেঘলা, তাহলে কী বিশ্বকর্মা পুজোতে বঙ্গ ভাসবে বর্ষণে?
কী জানাল হাওয়া অফিস?
এই বিষয়ে এবার আর সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্তের। আর এর জেরে ভিজবে বাংলা। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। গণেশ পুজোর দিনও বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। জেলায় জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই দু’দিন তাপমাত্রা একা ধাক্কায় দু-তিন ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে সোমবার থেকে ফের বদলাবে আবহাওয়া। ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণের সমস্ত জেলাতেই।
জানা যাচ্ছে, সপ্তাহান্তে ফের গরমে হাঁসফাঁস করতে হবে কলকাতাবাসীকে। আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে বাড়বে অস্বস্তি। গতকাল, শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭ থেকে সর্বনিম্ন ৮৭%।
কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির স্মভাবনকা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এই দুই জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ প্রায় শুকনোই থাকবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।





