শীত বিদায় নিয়েই নিয়েছে বলা যায়। সরস্বতী পুজো কাটতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। কলকাতা-সহ একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে।
কেন হঠাৎ এমন দুর্যোগ?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সেটি ধীরে ধীরে উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে। আবার একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। এই দুইয়ের সংঘাতের কারণেই বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
আভাও দফতরের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। সংলগ্ন জেলায় এর প্রভাব পড়তে পারে বলে খবর।
আগামীকাল, বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর। আবার বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এদিন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বুধবার থেকে উত্তরবঙ্গের তিন জেলায় দুর্যোগ বাড়বে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।





