রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন পরিবার নিয়ে। মাটন বিরিয়ানির অর্ডার করেছিলেন গ্রাহক। কিন্তু যে খাবার সামনে এল, তা দেখে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। আর তা নিয়ে তুমুল বচসা শুরু হয় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে গ্রাহকের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তা সামাল দিত শেষমেশ পুলিশকে আসতে হয়।
কী ঘটেছিল গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে আসানসোলের এক রেস্তোরাঁয়। জানা গিয়েছে, গত শনিবার রাতে ওই রেস্তোরাঁয় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে খেতে গিয়েছিলেন পরমজিৎ সিং। সেখানে গিয়ে তিনি মাটন বিরিয়ানির অর্ডার দেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও খাবার আসছিল না। কিন্তু যখন টেবিলে খাবার পরিবেশন করা হল, তা দেখেই রেগে আগুন হয়ে যান পরমজিৎ।
গ্রাহক দেখেন, মাটন বিরিয়ানির বদলে তাদের পরিবেশন করা হয়েছে জিরা রাইস ও চিকেন। কেন তাদের অর্ডার অনুযায়ী খাবার দেওয়া হল না, তা নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তুমুল বচসায় জড়ান পরমজিৎ। নিজের পরিচিত লোকজনকে রেস্তোরাঁয় ডাকেন তিনি। গ্রাহক ও কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়।
এমন বচসার খবর পেয়ে ছুটে আসে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পর আসেন রেস্তোরাঁর ম্যানেজার। তবে ততক্ষণে গ্রাহক বকেয়া বিল মিটিয়ে চলে গিয়েছেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।
ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে তাদের ভুল স্বীকার করা হয়েছে। তাদের দাবী, বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় জিরা রাইস ও চিকেন মিলিয়ে একটা বিশেষ খাবার তৈরি করে গ্রাহককে পরিবেশন করা হয়েছিল। তবে গ্রাহকের দাবী, বিরিয়ানি যে শেষ, সেকথা তাদের আগে জানানো হল না কেন? তাদের না জানিয়ে নিজেদের ইচ্ছামতো খাবার বানিয়ে পরিবেশন করা উচিত হয়নি রেস্তোরাঁর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার