ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তেই ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৬ জেলা। বৃষ্টি থামলে শীত পড়তে পারে।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
জানা গিয়েছে, আগামী কয়েকদিন পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। এর জেরে জলীয় বাষ্পও বাড়বে। উপকূলের জেলাগুলিতে মেঘ জমার কারণে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। কলকাতায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা বেড়েছে। এর জেরে উধাও শীতের আমেজ। এই মেঘলা আকাশ কাটলেই ধীরে ধীরে তাপমাত্রা নামবে বলে জানাল হাওয়া অফিস। আগামী মঙ্গলবার থেকে নামতে পারে পারদ।
এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ বেড়েছে অনেকটাই। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় শুক্রবারের মধ্যে হালকা দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।





