সম্পত্তির জন্য জীবিত বাবাকে মেরে ফেলল ছেলেরা, নিজের ডেথ সার্টিফিকেট হাতে সরকারি দফতরে ঘুরছেন বৃদ্ধ

দিব্য বেঁচে রয়েছেন তিনি। কিন্তু সরকারি নথি অনুযায়ী তিনি মৃত। ফের বেঁচে ওঠার জন্য এখন সরকারি দফতরে নিজেরই ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরছেন বৃদ্ধ। বৃদ্ধের অসহায়তায় প্রতিবেশীদের চোখে জল।

কেন ঘটল এমন ঘটনা?

উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের লাহুতাড়া ১ গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকার বাসিন্দা হলেন বছর ৬২-র আব্দুল কালাম। তিনি এখনও জীবিত রয়েছেন। কিন্তু সরকারি নথি বলছে তিনি মৃত। এমনকি ডেথ সার্টিফিকেটও রয়েছে তারা। এমন ঘটনায় এলাকায় বেশ শোরগোল পড়ে যায়। এমন ঘটনা কীভাবে সম্ভব, তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন।

এরই মধ্যে জানা যায়, জীবিত আব্দুল কালামকে মৃত বানিয়েছে তাঁর গুণধর ছেলেরাই। বাবার সম্পত্তি, জমি নিজেদের নামে করতে এই ঘটনা ঘটিয়েছে ওই প্রৌঢ়ের প্রথম পক্ষের ছয় ছেলে। তাদের এই বিষয়ে সাহায্য করেছে তাদের তুতো ভাই প্রাক্তন প্রধান মহম্মদ বাদিরুদ্দিন।  

জানা গিয়েছে, নিজের ৭৫ শতক জমি বিক্রি করতে গিয়ে আব্দুল কালাম জানতে পারেন তাঁর প্রথম পক্ষের ছয় ছেলে তাঁর ডেথ সার্টিফিকেট তৈরি করে তাঁকে মৃত প্রমাণ করে ওই জমির মালিকানা নিজেদের নামে করে নিয়েছে। সেই জমি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারাও করে নিয়েছে তারা। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে যে ওই জমির নথি দেখিয়েই জমির মালিকানার রেকর্ড বৃদ্ধের ছেলেদের নামে পরিবর্তন করা হয়েছিল।

এখন নিজের জমি ফেরত পেতে আর নিজেকে জীবিত প্রমাণ করার জন্য নিজের ডেথ সার্টিফিকেট নিয়ে করণদিঘি ব্লক অফিস ও করণদিঘি থানায় ঘুরে বেড়াচ্ছেন আব্দুল কালাম। তাঁর একটাই দাবী, তিনি যে বেঁচে আছেন সেই নথি দিক প্রশাসন, ফিরিয়ে দিক জমির মালিকানা।

ওই বৃদ্ধ জানান, ছেলেদের সঙ্গে বিবাদের জেরে ঘর ছেড়েছেন তিনি। দ্বিতীয় পক্ষের স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়ি রাত কাটাতে হচ্ছে তাঁকে। এদিকে, বৃদ্ধের অভিযুক্ত সন্তানরা বলেন, এই বিষয়ে তাদের কোনও হাত নেই। বিষয়টি পঞ্চায়েতের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

RELATED Articles