অষ্টমী থেকেই হাওয়া বদল, প্যান্ডেল হপিংয়ে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়া হালহকিত, প্ল্যান পণ্ড হবে না তো?

গোটা বাংলা এখন মেতে দুর্গাপুজোর আমেজে। আজ মহাষ্টমী। পুজোর প্রায় মাঝামাঝি বলা যায়। এবারের পুজোয় সমস্ত মণ্ডপেই যেন রেকর্ড ভিড় হচ্ছে। আবহাওয়াও বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। রাত বাড়লেই হালকা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। রাতের কলকাতায় নামছে দর্শনার্থীদের ঢল। অষ্টমীর প্ল্যানে কোনও ব্যাঘাত ঘটবে না তো?

হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল যে অষ্টমী পর্যন্ত আবহাওয়া শুকনোই থাকবে। নবমী থেকে আকাশে দেখা যেতে মেঘ, হতে পারে বৃষ্টি। তেমন আশঙ্কাই সত্যি হবে বলে মনে হচ্ছে। অষ্টমী থেকেই এবার ঘটতে শুরু করেছে আবহাওয়ার বদল।

আবহাওয়া দফতরের কথায়, গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি উত্তর-পশ্চিম দিকে সরবে আর ২২ অক্টোবরের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে।

হাওয়া অফিস জানাচ্ছে, আকাশে মেঘ থাকলেও, পণ্ড হবে না অষ্টমী। আজকের দিনটা নির্বিঘ্নেই কাটবে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা শক্তি বাড়িয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগোতে শুরু করবে। আর এর জেরেই নবমী ও দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

নবমীতে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। আর দশমীতে এই জেলাগুলি ছাড়াও বৃষ্টির পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। একাদশীতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম। 

তবে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায় বৃষ্টি হলেও পরিমাণ খুবই সামান্য। ফলে পুজোর আনন্দ মাটি হবে না বলেই জানাল হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles