ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ায় আত্মবিশ্বাসী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেন, সেখানেই ফের ভরসা রাখা হয়েছে পরিচালকের উপর। টিকিট পাওয়ার পরই তিনি জানান, মানুষের সঙ্গে তাঁর সম্পর্কই তাঁর আসল শক্তি এবং আগামী লড়াই হবে উন্নয়ন আর কাজের নিরিখে।
গত পাঁচ বছরে মানুষের পাশে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ বলেন, তিনি সব সময় সাধারণ মানুষের সমস্যার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নিজের দায়িত্বের মধ্যে থেকে যতটা সম্ভব কাজ করেছেন বলেও দাবি তাঁর। তবে কিছু কাজ বাকি থেকে গিয়েছে, সেই অসম্পূর্ণ কাজই এবার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মূল অংশ হয়ে উঠবে বলেই জানালেন তিনি, যা ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা পড়ছে।
এবারের নির্বাচনে প্রচারের কৌশল নিয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রাজ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের আরও কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। পাশাপাশি তিনি সতর্ক করেছেন যে অশুভ শক্তি বাংলায় ক্ষমতায় এলে ক্ষতি হতে পারে। তাই উন্নয়ন ও মানুষের কল্যাণের বিষয়টি সামনে রেখেই তিনি প্রচারে নামবেন এবং মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাবেন।
প্রার্থী তালিকায় এবার একাধিক পরিবর্তনও নজর কেড়েছে। রাজারহাটে অদিতি মুন্সি, বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, করিমপুরে সোহম চক্রবর্তী এবং চন্দননগরে ইন্দ্রনীল সেনের মতো পরিচিত মুখদের জায়গা দেওয়া হয়েছে। তবে গতবারের তুলনায় তারকা প্রার্থীর সংখ্যা কিছুটা কম বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ চর্চায় থাকা তারকা প্রার্থীরাই ২৬-এর নির্বাচনে বাদ! রাজারহাটে অদিতি, ব্যারাকপুরে ফের রাজ, উত্তরপাড়া হারালেন কাঞ্চন! তৃণমূলের তারকা প্রার্থী তালিকায় বড় চমক! তালিকা প্রকাশ্যে, নতুন মুখেরা কে কোন কেন্দ্রে?
অন্যদিকে, যাঁদের নাম নিয়ে জল্পনা ছিল তাঁদের অনেকেই টিকিট পাননি। ইমন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা কিংবা পার্নো মিত্রের মতো নাম তালিকায় না থাকায় জল্পনার ইতি ঘটেছে। ফলে স্পষ্ট, এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচনে নতুন সমীকরণে এগোচ্ছে এবং সেই সমীকরণেই গুরুত্বপূর্ণ জায়গা ধরে রাখলেন রাজ চক্রবর্তী।





