একুশে জুলাই তৃণমূলের কাছে এক আবেগ বলা যেতেই পারে। আর সেই মঞ্চে বক্তৃতা দেওয়ার স্বপ্ন থাকে অনেক তরুণ প্রজন্মেরই। এই বছর একুশের মঞ্চে দেখা গেল এক নতুন মুখ যাকে নিয়ে এখন রাজনীতির অন্দরে বেশ চর্চা বেড়েছে। এবারের একুশের মঞ্চে সকলের নজর কেড়েছিলেন তৃণমূলের নতুন মুখ রাজন্যা হালদার। এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আগামী পরিকল্পনার কথাও জানালেন তিনি।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন রাজন্যা। তাঁর কথায়, কলেজে পড়াকালীন তৃণমূল ছাত্র পরিষদ করতে গিয়ে বামপন্থীদের হেনস্থার মুখে তাঁকেও পড়তে হয়েছে। তবে ভয় পান নি তিনি। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের আটকানো অসম্ভব।
কীভাবে ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ এল রাজন্যার কাছে?
ওই সাক্ষাৎকারে রাজন্যাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০ জুলাই ধর্মতলায় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসেন। সেখানে এসে দিদি বলেন, এবার মঞ্চে নতুনদের সামনের দিকে রাখতে। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাকে দিদির কাছে ডাকেন। সেখানে আর একজন নেত্রীও ছিলেন। দিদি বলেন, ‘এই তুই ২১ তারিখ বক্তব্য রাখবি।’ আমি আমার দলের নেত্রীর সেই নির্দেশ পালন করেছি। দলের একজন অনুগত সৈনিক হিসেবে একাজ করেছি আমি”।
বর্তমানে রাজনীতিতে রাজন্যাকে নিয়ে বেশ হইচই বেড়েছে। তাঁর ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের অনেকেই তাঁর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখছেন যেন! কিন্তু দলের সকলেই কী রাজন্যার এই সাফল্যে খুশি? দলের সকলেই কী মন খুলে মেনে নিতে পারছেন এই নতুন মুখকে?
এই বিষয়ে রাজন্যার জবাব, “আমি মনে করি না এমন হতে পারে দলের অন্দরে। আমি বিশ্বাস করি না আমার উত্থানে, আমার সাফল্যে আমার দলের অন্যরা কষ্ট পাবেন! কিন্তু…থাক, শুধু বলব, আমাদের দল একটি পরিবারের মতো। সেখানে ঠোকাঠুকি হতে পারে। কিন্তু আদতে আমরা সবাই এক। সকলেই একই পরিবারের সদস্য। এমন তো আমি সবসময় মনে করি”।
আগামীতে নির্বাচনে লড়ার কথা কী ভাবছেন রাজন্যা?
সাক্ষাৎকারে এই বিষয়ে রাজন্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখাটাই তাঁর কাছে অনেক বড় কিছু পাওয়া। তবে তিনি এও বলেন দল যদি তাঁকে নির্বাচনে লড়ার যোগ্য বলে মনে করে, তাহলে তিনি তা পালন করবেন। অর্থাৎ নির্বাচনের মুখ হওয়ার জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন না তৃণমূলের এই নয়া নেত্রী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!