গতকালই তৃণমূল থেকে বিদায় নিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে খবর আসে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন রাজীব। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহ্’র বঙ্গ সফর বাতিল হয়ে যায়। তাই বিশেষ বিমানে রাজীবকেই দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি। সেখানেই অমিত শাহ্’র উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রাজীবের সঙ্গে দিল্লি যাচ্ছেন আরও তিন তৃণমূলত্যাগী নেতা-বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া ও রথীন চক্রবর্তী। এঁরা সকলেই রাজীবের সঙ্গেই বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
৩০শে জানুয়ারি, শনিবারই দু’দিনের বঙ্গ সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র। এরপর রবিবার হাওড়ার ডুমুরজোলায় শাহ্’র সভাতেই গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে এই সভাতেই বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল ও রথীন চক্রবর্তীরও অভিষেক ঘটত পদ্মাসনে। কিন্তু গতকাল দিল্লিতে আইইডি বিস্ফোরণের ফলে বাংলায় আসতে পারছেন না অমিত শাহ। তবে বাতিল হচ্ছে না হাওড়ার সভা। সেই সভাতেও উপস্থিত থাকবেন বিজেপির একাধিক বড় বড় নেতারা। এই সভাতেও অনেকেই বিজেপিতে যোগ দিতে পারেন।
শুভেন্দু অধিকারীর পর বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যোগদানকে কেন্দ্র করে আগামী নির্বাচনে আশার আলো দেখছেন বিজেপি নেতৃত্ব। এই কারণেই তাঁকে বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলেই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, ও রথীন চক্রবর্তী।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অমিত শাহ। ফোনেই তাঁকে দিল্লি যাওয়ার কথা জানান তিনি। এই কথা বলা হয়েছে বাকী তিন নেতাকেও। এদিন দিল্লি গিয়ে এই চারজন দেখা করবেন অমিত শাহ্’র সঙ্গে। এরপর আজ রাতে বা আগামীকাল সকালেই অমিত শাহ ও জে পি নাড্ডার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের অংশ হবেন রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বাকী তিন নেতা। এরপর রবিবার দুপুরেই তাঁরা ফিরে আসবেন কলকাতায়। ফিরে এসে তাঁরা সকলেই হাওড়ার সভায় যোগ দেবেন বলে খবর মিলেছে।





