তৃণমূল ছাড়লেন রাজীব ব্যানার্জি! মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন পদত্যাগপত্র

তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেলেন রাজীব ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দলনেত্রীর কাছে পাঠালেন পদত্যাগপত্র। তাঁর মতো সৎ, কর্মনিষ্ঠ ব্যক্তিত্বকে হারিয়ে স্বভাবতই যথেষ্ট বেকায়দায় পড়বে টিম তৃণমূল।

দু-মাসের ব্যবধানে শুভেন্দু-রাজীবের পদত্যাগ যে তৃণমূলের তরীকে যথেষ্ট নাড়িয়ে দিয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।

তৃণমূলের অন্যতম বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর দলত্যাগের সময় থেকেই আলোচনায় উঠে এসেছিলেন রাজীব ব্যানার্জি। দলের বিরুদ্ধে মুখ খুলে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু রাজীবের মত সৎ ব্যক্তিত্বকে দল ছাড়া হতে দিতে নারাজ ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে রুদ্ধদ্বার বৈঠকেও মেলেনি কোন‌ও সমস্যার সমাধান। ইতিমধ্যেই ফেসবুক লাইভে এসে ও শাসক দলের অন্দরে থেকে কাজ করতে পারছেন না বলে দাগেন বনমন্ত্রী রাজীব। তবে এই ঘটনার পরই মন্ত্রিত্ব ছাড়েন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ছিলেন তিনি। আজ অর্থাৎ শুক্রবার সকালেই বিধানসভার স্পিকারের কাছে তিনি পেশ করেন নিজের পদত্যাগপত্র। আর এরপর ছেড়ে দিলেন তৃণমূলের সদস্যপদটুকুও।

তাৎপর্যপূর্ণভাবে এদিনই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সূত্রের খবর, রবিবার অমিতের সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় নাম লেখাবেন পদ্ম শিবিরে‌।

লক্ষণীয় অবিকল শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই রাজীব বন্দ্যোপাধ্যায় শিবির বদল করছেন। অর্থাৎ প্রথমে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়া, তারপর ধাপে ধাপে বিধায়ক পদ, তৃণমূলের সদস্যপদ-সহ যাবতীয় দায়িত্ব থেকে সরে আসা। আর শেষ পদক্ষেপ হিসেবে শেষমেশ অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান। আর আপাতত এই শেষ ধাপটিই শুধুমাত্র বাকি।

আরও অন্যান্য খবর