সারদা কান্ডে জড়িত রাজীব কুমারের ওপর থাকা রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই সিবিআই এর তরফে রাজীব কুমারকে তলবের চেষ্টা করা হলেও কার্যত নিখোঁজ হয়ে যান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। একটি মেইলের মাধ্যমে জানান যে তিনি একমাস ছুটিতে রয়েছেন৷
Check out best Bengal Football website
এরপরই রাজীব কুমারের খোঁজ পেতে তড়িঘড়ি রবিবারই নবান্নে যান তিনজন সিবিআই আধিকারিক। তাঁরা নবান্নে পৌঁছে ডিজি কে রাজীব কুমারের প্রসঙ্গে চিঠি দিয়ে আসেন৷ পরবর্তীতে জানা যায় যে, সেই চিঠিতে আজ দুপুর ২ টোয় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। বর্তমানে এডিজি সিআইডি রাজীব কুমার যেহেতু ডিজি এর অধীনে তাই সেই চিঠি ডিজি কে দেওয়া হয় বলে খবর৷ এছাড়াও মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকেও এই চিঠি দেওয়ার চেষ্টা করলেও রবিবার তাঁরা নবান্নে ছিলেননা বলে তাদের চিঠি দিতে পারেননি সিবিআই আধিকারিকেরা। এরপরই আজ সোমবার ফের নবান্নে পৌঁছান সিবিআই এর দুই আধিকারিক। উদ্দেশ্য মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সেই চিঠি জমা দেওয়া। সেসময় রাজ্য পুলিশের তরফে সিবিআই আধিকারিকদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন সিবিআই আধিকারিকেরা। সিবিআই তরফে মানা করা হলেও চিঠি জমা দেওয়ার সময় রাজ্য পুলিশের তরফে ছবি তোলা এবং ভিডিও করা হয় বলে অভিযোগ।
এরপরই শোনা যায় যে সিবিআই এর গ্রেফতারি রুখতে আইনজীবীর দ্বারা শনিবারই আগাম জামিনের জন্য আবেদন করেছেন রাজীব কুমার। আগামীকাল রয়েছে এই মামলার শুনানি৷ এই খবর আজ সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁরা তৎপর হয়ে ওঠেন রাজীব কুমারের জামিন আটকাতে। সূত্রের খবর, আগামীকাল কোর্টে সিবিআই জামিন অযোগ্য ধারায় রাজীব কুমারের গ্রেফতারির জন্য অনুরোধ করবেম কোর্টের নিকট হতে। এরজন্য ইতিমধ্যেই কোর্টে ক্যাভিয়েটও দাখিল করেছে সিবিআই। এখন দেখার বিষয় এটি যে, আগামীকাল কোর্টের তরফে কি রায় জানানো হয়।





