করোনার জেরে রাজ্যে বেশ কয়েকদিন ধরেই নানান জেলা ত্থেকে রেশন নিয়ে কারচুপির অভিযোগ আসছিল। গতকালই রেশনের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে নবান্ন। তারপরই আজকে কম রেশন দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদের সালারে। শনিবার সকালে রেশন ডিলারের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, যে পরিমানে সরকার মাথা পিছু রেশন ধার্য করেছে তাঁরা তা পাচ্ছেন না। রেশন ডিলার কম রেশন দিয়েই চলেছেন। এর আগে একাধিকবার অভিযোগ করেও সুরাহা হয়নি, তাই এবার বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা। লকডাউনের নিয়ম ভেঙে রেশন ডিলারের বাড়ির সামনে একত্রিত হয়ে বিক্ষোপ দেখায় অনেকেই। তাঁর বাড়িতে ছোঁড়া হয় ইটও। বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। এরপরই বাড়ির সামনে আগুন ধরিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। পরিবার-সহ অন্যত্র চলে গিয়ে প্রাণ বাঁচান ওই রেশন ডিলার। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে প্রথমে তাঁদের ঢুকতে দেওয়া না হলেও তাঁরা ভিড় সামলানোর চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। এদিকে ইতিমধ্যেই সেখানে হাজির হন বিডিও।
অন্যদিকে খবর পৌঁছয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কানেও। তাঁর দাবি, সিপিএম এবং কংগ্রেসের মদতেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, যতটা সম্ভব, ততটাই রেশন দেওয়া হচ্ছে। একদিনে বেশি পরিমাণ রেশন দেওয়া সম্ভবপর নয়। রেশন নিয়ে এধরনের ঘটনা ঘটলে এবার দোকান বন্ধই রাখা হবে।
এদিকে অনেকটা একই ছবি মুর্শিদাবাদের লালগোলার। স্থানীয়দের অভিযোগ, অখাদ্য চাল দিচ্ছেন রেশন ডিলার। ভাল চালের সঙ্গে খারাপ-পোকা ধরা চাল মিশিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে এদিন রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ উপস্থিত হলে তাদের ঘিরে বিক্ষোভ চলে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।





