বড়দিন উপলক্ষ্যে যেমন কলকাতা পার্কস্ট্রীটে ভিড় জমেছিল, তেমনই ভিড় ছিল দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো সমুদ্রনগরীতেও। আর সেলিব্রেশন কী রঙিন পানীয় ছাড়া জমে! ২৩ ডিসেম্বর থেকে সমুদ্র শহরে ভিড় জমতে শুরু করেছিল। ২৫ ডিসেম্বর চরমে ওঠে ভিড়। আর এই বিপুল পর্যটকদের জেরেই ব্যাপক আয় হয়েছে আবগারি দফতরের।
বড়দিনে সমুদ্র শহরে ম’দের ফোয়ারা ছুটেছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই বড়দিনের ২ দিনে ৯ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে বলে খবর। দিঘা, মন্দারমণি, তাজপুরে বিপুল সংখ্যক পর্যটক আসায় আবগারি দফতরের দারুণ লাভ হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, দিঘা, মন্দারমণি, তাজপুর ছাড়াও পাঁশকুড়া, তমলুক, হলদিয়া এবং ময়নায় বিপুল ম’দ বিক্রি হয়েছে।
আবগারি দফতর জানাচ্ছে, গত ২৪ ডিসেম্বর ৪ কোটি ৫৫ লক্ষ ৮৮ হাজার টাকার ম’দ বিক্রি হয়েছে। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে বিক্রির পরিমাণ ৪ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্য কোনও জেলায় বড়দিনে এত বেশি টাকার ম’দ বিক্রি হয়নি। ম’দ বিক্রির দিক থেকে শীর্ষে পূর্ব মেদিনীপুরই।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রতি বছরই ম’দের চাহিদা থাকে তুঙ্গে। ডিসেম্বর মাসে জেলা প্রশাসন অবৈধ ম’দের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছিল। টানা অভিযান চালানো হয় পাঁশকুড়া, কোলাঘাট, ময়না, তমলুক, এগরা এবং দিঘায়। শুধুমাত্র ডিসেম্বর মাসেই মোট ২১ জনকে গ্রেফতার করেছে আবগারি দফতর। অবৈধ ম’দ বিক্রি ও কারবারে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হয়েছে এদের। সেই সঙ্গে ৫ হাজার ৮৭৪ লিটার বেআইনি ম’দও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। বেআইনি ম’দ বিক্রিতে রাশ টানায় বড়দিনে ৯ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে রাজ্যে।
২৫শে ডিসেম্বর চলে গেলেও সমুদ্র শহরে এখনও ভিড়। সামনেই বর্ষবরণ। সেই সময় ম’দ বিক্রির এই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই জানাল আবগারি দফতর। বরং ৩১শে ডিসেম্বর ও ১লা জানুয়ারিতে ম’দ বিক্রির পরিমাণ বড়দিনকেও পিছনে ফেলে দিতে পারে।





