রাজ্য পুলিশের ডিজি পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজীব কুমারকে। সারদা মামলায় প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছিল এই পুলিশ অফিসারের বিরুদ্ধে। সেই অভিযুক্তকেই কেন ডিজি পদে বসানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজীবের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে, সেটার ব্যবস্থা তিনি করবেন বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।
রাজীব কুমার সারদা মামলা হাতে নেওয়ার পর সেই মামলার তথ্য নষ্ট করার অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজীব কুমার প্রমাণ লোপাট করেছিলেন বলেই সারদার বড়বড় অভিযুক্তরা এখন জেলের বাইরে। বিরোধী দলনেতার দাবী, রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করে তাঁকে ‘রিটার্ন গিফ্ট’ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর কথায়, “সারদার তথ্যপ্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার। তিনি তার প্রতিদান দিচ্ছেন”। ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, “এই মামলা যাতে ফের সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব“।
কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশে শুভেন্দুর অনুরোধ, “সিবিআইকে বলব, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে, তার জন্য আমরা যা করার করব”।
এক্স হ্যান্ডেলের পোস্টেও এই বিষয়টির উল্লেখ করেছেন শুভেন্দু। লিখেছেন, “তদন্তে সব রকম সহযোগিতা করবেন, এই শর্তে রাজীবকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা না হওয়ায় সিবিআই অন্তর্বর্তী জামিন প্রত্যাহারের আবেদন করেছিল সুপ্রিম কোর্টে”।
প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন দুঁদে আইপিএস অফিসার রাজীব কুমার। চিটফান্ড কাণ্ডের তদন্ত সূত্রে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআইয়ের গোয়েন্দাদের টিম। তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল সিবিআই দফতরে। এরপর তাঁকে পুলিশি দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসনিক পদে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে ফের তাঁকে ফেরানো হল পুলিশে। রাজ্য পুলিশের শীর্ষ পদে বসতে চলেছেন সেই রাজীব কুমারই।
শুভেন্দুর কথায়, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তবে তাতে আমল দিতে নারাজ শাসক দল। তৃণমূলের আবার পাল্টা দাবী, “যাকে সারা দুনিয়া প্রকাশ্যে টাকা নিতে দেখেছে। যাঁর নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে, তাঁর মুখে এসব কথা মানায় না”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!