লোকসভা নির্বাচনের আগে আরও তৎপর ইডি, নিয়োগ দুর্নীতির তদন্তে সাতসকালে একাধিক জায়গায় তল্লাশি, নজরে পার্থর ঘনিষ্ঠ

কিছু বছর ধরে একাধিক দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কখনও নিয়োগ শিক্ষক দুর্নীতি, কখনও রেশন দুর্নীতি, কখনও আবার পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য খুঁজতে কলকাতা সহ অন্যান্য জেলায় পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল সকাল অ্যাকশনে ইডি। ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আজ, শুক্রবার সকালে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় তল্লাশি অভিযান শুরু করেছে। জানা গিয়েছে, নাগেরবাজার থেকে শুরু করে রাজারহাট একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান।

সূত্রের খবর অনুযায়ী, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটের কাশীনাথপুরে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। বিলাসবহুল বাড়ির দোতলায় থাকেন ওই ব্যক্তি।
জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের ঘনিষ্ট সেই ব্যক্তি । এই ব্যক্তি জমি কেনাবেচা করতেন। তাঁর কাছে দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য থাকতে পারে বলে সন্দেহ করেই সকালে তল্লাশি অভিযানে গেছে ইডি। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরাও। ইডি-র অন্যতম অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টররে নেতৃত্বে চলছে তল্লাশি।

অন্যদিকে, কলকাতায় নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান। ওই আবাসনের অন্যান্য বাসিন্দাদের জানা গিয়েছে, “যার বাড়িতে তল্লাশি চলছে তিনি বেশ কয়েকদিন আগেই এখান থেকে চলে গেছে।”

আবার এদিকে, নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি। এই ব্যক্তির সঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে বলেই আন্দাজ ইডির। আব্দুল আমিন পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন প্যারাটিচার। ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, কিছুদিন আগেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। একসঙ্গে ৫ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল তারা। বিপুল পরিমাণ কালো টাকা এবং বেনামী সম্পত্তির হদিশ পেতেই ছিল সেই অভিযান। তারও কিছুদিন আগে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। তাঁর কাছে বেশ কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ৫ প্রোমোটারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের। সেই অনুযায়ী প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা।

RELATED Articles