পুজোর আগে ফের বড় ডাকাতি রাজ্যের সোনার দোকানে। পুরুলিয়া, নদিয়ার পর এবার সোনারপুর। ভর সন্ধ্যায় সোনার দোকানে ঢুকে গোটা দোকান লুঠ করল দুষ্কৃতীরা। বাধা পেয়ে দোকানের মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাতও করা হয়। চলে গুলিও।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের বারেন্দ্রপাড়ার এক সোনার দোকানে। স্থানীয় সূত্র অনুযায়ী, গতকাল, শুক্রবার সন্ধ্যার দিকে ওই দোকানে দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে। দোকানের ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে তারা। হাতের সামনে না যা পায়, সব ব্যাগে ঢোকাতে থাকে।
সেই সময় দুষ্কৃতীদের বাধা দেন দোকানের মালিক। লুটপাটে বাধা পেয়ে দোকানের মালিকের মাথায় আগেয়াস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। চিৎকার করতে থাকেন দোকানের মালিক। সেই সময় দুষ্কৃতীরা পালায়।
পালানোর সময় তাদের ধরতে যায় অটো চালকরা। স্থানীয় সূত্রে খবর, সেই সময় শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনার জেরে প্রবল আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি খবর যায় সোনারপুর থানার পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।





