গরু পাচারের টাকা সত্যিই কী দেবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে? দেবকে সিবিআইয়ের সমন পাঠানো নিয়ে অকপটে রুদ্রনীল

কিছুদিন আগেই গরু পাচারকাণ্ডে সিবিআই সমন পাঠিয়েছে অভিনেতা-সাংসদ দেবকে। আগামী ১৫ই ফেব্রুয়ারি সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা দেব রয়েছে দেবের। এই গরু পাচার মামলা নিয়ে বেশ কিছু জায়গায় নাম উঠে এসেছে দেবের। তাঁর অ্যাকাউন্টে নাকি গরু পাচারকাণ্ডের টাকা ঢুকেছে।

এর আগে গরুপাচারকাণ্ডেএনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে গরুপাচারকাণ্ডে জড়িত একাধিক নাম উঠে এসেছিল। যাঁরা এনামুল হকের সঙ্গে কাজ করতেন তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল সিবিআই-এর তরফে। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরুপাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছিল দেবের নাম। এই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।

এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন দেবের সহকর্মী তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, দেবকে কোনও অভিযোগ নিয়ে ডাকা হয়নি। তাঁকে সিবিআই ডেকে পাঠিয়েছে কোনও বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। আর দেব যে নিজের সহনশীলতা বজায় রেখে এই বিষয়ে নিজের মাথা ঠাণ্ডা রেখে সিবিআইয়ের এই সমনের প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে রুদ্রনীল বেশ খুশি।

রুদ্রনীল জানান, “আমাদের সমাজ তো এমন যে পাসপোর্ট চেক করার জন্যও যদি আমার বাড়িতে পুলিশ আসে, তাহলেও লোকে বলবে নিশ্চয়ই চুরি করেছে। আর গরু বা কয়লা আমাদের সকলের জীবনের সঙ্গেই জড়িয়ে। তাই যদি কোনও তদন্তকারী সংস্থা আমাদের তদন্তের প্রয়োজনে ডাকেন, তাহলে আমাদের উচিত সহযোগিতা করা”।

গরু পাচারের টাকা কী টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকছে? রুদ্রনীলের কথায়, “টলি হোক বা যে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি, অনেকেই আসেন প্রযোজনা করতে। এবার তারা সেই টাকা কোন জায়গা থেকে আনছেন, তা অনুধাবন করা সম্ভব নয়। এর আগেও দেখা গিয়েছে চিটফান্ডের টাকা নানান খাতে ব্যয় করা হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও করা হয়েছে। তাই কোনও ছবিতে কেউ যদি টাকা লাগান, আর এর জেরে যদি পরিচালক বা তারকাদের প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে তাদের উচিত তদন্তে সহায়তা করা”।

এদিন দেবকে নিয়ে সরাসরি কোনওভাবে কোনও কথা না বললেও রুদ্রনীল বিশ্বাস করেন যে সিবিআই যে কারণে দেবকে সমন পাঠিয়েছে, দেব সেই বিষয়ে নিশ্চয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করবেন।

আরও অন্যান্য খবর