কথায় রয়েছে, ‘রাখে হরি তো মারে কে’। এই প্রবাদ যে বেশ সত্যি, এর প্রমাণ মিলেছে এর আগে। এবার ফের এই প্রবাদকে সত্যি হতে দেখা গেল মধ্যপ্রদেশের ভোপালে।
রেললাইনে পড়ে যাওয়া একটি বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের পরোয়া না করেই রেললাইনে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ট্রেন চলে যেতেই দেখা গেল যে তাদের শরীরে কোনও আঁচড় পর্যন্ত লাগেনি। এই ঘটনার ভিডিও এখন তুমুল ভাইরাল।
বেশ কিছুদিন আগেই ঘটেছে এই ঘটনাটি। গত ৫ই ফেব্রুয়ারি কারখানায় কাজে যাচ্ছিলেন মোহম্মদ মেহবুব। তিনি পেশায় ছুতোর। তখনও পর্যন্ত তিনি জানতেন না যে কী ঘটতে চলেছে তাঁর জীবনে। দূর থেকে মালগাড়ি আসছে দেখে রেললাইনের একটু দূরেই দাঁড়িয়েছিলেন তিনি।
আর এদিকে একটি ছোট মেয়ে-সহ এক পরিবারও সেই সময় সেখানে ছিল। আচমকাই শিশুটি পড়ে যায় রেললাইনের উপরে। এদিকে গাড়ি তখন একেবারে কাছে চলে এসেছে। এমন দৃশ্য দেখে বেশ ভয় পেয়ে যান মেহবুব। নিজের জীবনের পরোয়া না করেই সটান রেললাইনে লাফ মারেন তিনি। কিন্তু সময় খুব অল্প। ওই অল্প সময়ের মধ্যে বাচ্চাটিকে লাইন থেকে সরিয়ে নিজে সরে যাওয়ার সময় ছিল না আর।
তাই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি বাচ্চা মেয়েটির মাথা বাঁচিয়ে লাইনের উপর শুয়ে পড়েন। কারণ মালগাড়ি তখন তাদের মাথার উপর। আর গাড়িটি চলে যাওয়ার পর সকলে অবাক। সকলেই দেখেন যে মেহবুব বা ওই বাচ্চা মেয়েটির কোনও আঁচড় লাগেনি। তারা ঠিক মাঝখানে থাকায়, তাদের কোনও ক্ষতিই হয়নি।
এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মেহবুবের উপস্থিত বুদ্ধি দিয়ে শিশুকন্যাটিকে বাঁচানোর জন্য সকলেই প্রশংসা করেন তাঁর। তিনি যেভাবে নিজের জীবন তুচ্ছ করে বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন, তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।





