ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্ট বলছে, ২০২২ সালে ভারতে প্রতিদিন গড়ে ৯০ জন মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এর থেকেই পুরো বিষয়টি মোটামুটি ভাবে আন্দাজ করা যায়। কিন্তু এ সংখ্যা শুধু ‘রিপোর্ট’ হওয়া কেসের। হিসেবের বাইরে প্রতিদিন রাস্তা ঘাটে, ট্রেনে বাসে, কর্মক্ষেত্রে কত মেয়ে হেনস্থার শিকার হন। খবর আমাদের পর্যন্ত এসে পোঁছাতে পারে না।
গত ৯ আগষ্ট যে ঘটনা ঘটেছে তাতে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। সেদিন কি হয়েছিল জেনে শিউরে উঠেছি আমরা। নিজের কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুন হন চিকিৎসক। উদ্ধার হয়েছিল তার ক্ষতবিক্ষত শরীর। সেদিন কি তার আর্তনাদ পৌঁছেছিল কারোর কানে। তবে তাঁর জন্য রাস্তায় নেমে চিৎকার করে রাতদখল করেছে মেয়েরা। পথে নামা কি শুধু নির্যাতিতার জন্যই নাকি এর সাথে মিশে গেছে তাদের সাথে হওয়া অপরাধের বহিঃপ্রকাশ।
শুধুই কি আর.জি.কর হাসপাতাল! সন্দেশখালি, কালিয়াচক বা হাঁসখালি। কোথাও পাটক্ষেত, বাঁশবাগান কিংবা পার্টিঅফিস। শুধু ধর্ষণ নয় ভিড় ট্রেনে বাসে অস্বস্তিকর ‘ছোঁয়া’, পরিচিত মানুষের দৃষ্টি ভঙ্গি যেন মেয়েদের রোজকার জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়ায়। এই ঘটনাগুলিকে নিয়ে বিচারের আশার কথা মাথাতেই আসে না মেয়েদের। অনেকে জানেনই না কোন বিষয়ে অভিযোগ জানানো যায় কিংবা কিভাবে অভিযোগ করতে হয়। আর এই না জানার কারণেই সামনে আসেনা অনেক ঘটনাই। ভারতীয় সংবিধান ও আইনেই বলা আছে কোনরকম স্পর্শও যদি অস্বস্তি দেয়, সেই ক্ষেত্রেও অভিযোগ করা যেতে পারে পুলিশের কাছে।
কোন কোন বিষয়ের ক্ষেত্রে অভিযোগ জানানো যাবে?
কোনও মহিলার সাথে নিম্নলিখিত বিষয়গুলির কোনোটি ঘটলেই পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে।
- অবাঞ্ছিতভাবে কোনও মহিলার শরীর স্পর্শ করা, অথবা মহিলাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া।
- কোনও জিনিস দেওয়া বা কোনও কাজ করে দেওয়ার পরিবর্তে মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেওয়া।
- কোনও মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পর্নোগ্রাফি দেখানো।
- মহিলার সম্পর্কে কোনও অশ্লীল (যৌন সম্পর্কিত) ও আপত্তিকর মন্তব্য করা।
- কোনও মহিলাকে পোশাক খুলতে বাধ্য করা, মহিলার ব্যক্তিগত মুহূর্ত (যদি মহিলার শরীরের গোপনাঙ্গ অনাবৃত থাকে) ক্যামেরাবন্দি করা ও গোপনে নজর রাখা।
- এই সবকটি ক্ষেত্রে অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
কীভাবে অভিযোগ জানাবেন?
- মহিলারা অভিযোগ জানালে তা গ্রহণ করতেই হবে পুলিশকে।
- যেই স্থানে ঘটনা ঘটেছে সেখানের থানাতেই অভিযোগ জানাতে হবে তার কোন নিয়ম নেই। যে কোনও থানাতে গিয়েই অভিযোগ জানানো যায়।
- ঘটনার দিন আর অভিযোগ করার দিনের মধ্যে কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযোগ নিতে বাধ্য পুলিশ।
আপনার অভিযোগ নেওয়ার সময় পুলিশের যে নিয়মগুলো মেনে চলা বাধ্যতামূলক সেগুলো জেনে নিন-
- মহিলার সন্মান রেখে কথা বলা।
- পরিচয় গোপন রাখা।
- অভিযোগ নেওয়া সময় মহিলা পুলিশের উপস্থিতি।
- মহিলার অনুমতি নিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল পরীক্ষা। (১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে পরিবারের অনুমতি প্রয়োজন)।





