একুশের বিধানসভা নির্বাচনে (assembly election 2021) বিজেপির (BJP) ভরাডুবির পর থেকেই যেন ধস নেমেছে গেরুয়া শিবিরে। একাধিক শীর্ষ নেতা যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ভিড়েছেন, তেমনই আবার দলের অন্দরে কোন্দলও বেড়েছে পাল্লা দিয়ে। এবার এহেন পরিস্থিতিতে মুখ খুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।
সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। তাঁর সেই পোস্ট দেখেই সকলের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কী তিনিও এবার বিজেপির সঙ্গ ত্যাগ করে ঘাসফুল শিবিরে যাচ্ছেন? এই নিয়ে বেড়েছে জল্পনা। এদিন ফেসবুকে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, “রাজনীতি তে না আসলে জানাই হতো না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ”।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি। তবে জিততে পারেন নি। সেই বছরই তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হয় বিজেপির তরফে। রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সামলেছেন তিনি। কিন্তু হঠাৎ এখন কেন তাঁর মনে হচ্ছে যে রাজনীতিতে আসা মানেই সময় নষ্ট! এই নিয়ে শুরু হয়েছে শোরগোল। রূপার রাজনীতি ছাড়া নিয়ে উঠেছে জল্পনা।
তবে নিজের এই পোস্টের কমেন্ট সেকশনে নিজের রাজনীতি ছাড়ার বিষয়ে কিন্তু জল ঢেলেছেন বিজেপি নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি কোনওভাবেই রাজনীতি ছাড়ছেন না। তিনি কাজ করার জন্যই এসেছেন, আর কাজ করবেন তিনি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি গর্ববোধ করেন।

তবে এখানেও উঠছে প্রশ্ন। তাহলে রূপা গঙ্গোপাধ্যায়ের এমন পোস্টের মানে কী? তাহলে কী তিনিও আরও অন্যান্য নেতাদের মতো বিজেপির রাজ্য নেতৃত্বকেই কটাক্ষ করলেন? এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে বিজেপির অন্দরে।





