এসএসসি দুর্নীতি নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল। এই দুর্নীতিতে রাজ্যের মন্ত্রীদের নামও জড়িয়েছে। এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। আর এরপরই সিবিআই তদন্তে যেন গতি এসেছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের তরফে বারবার তলব করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কিন্তু কোনও উত্তরই দিচ্ছিলেন না তিনি। আজ, বৃহস্পতিবারও তাঁকে একাধিকবার তলব করা হয়। কিন্তু উত্তর মেলেনি।
এর জেরে এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে তাঁর কাদাপাড়ার বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আজই পর্ষদ অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
উল্লেখ্য, অতীতে শিক্ষক নিয়োগের দায়িত্বে থাকত স্কুল সার্ভিস কমিশন। তাদের নির্দেশ অনুযায়ী নানান স্কুলে শিক্ষক নিয়োগ করা হত। কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশন একটি প্যানেল তৈরি করে সেটি মধ্যশিক্ষা পর্ষদকে পাঠায়। আর তাদের শেষ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজর যে পর্ষদের দিকে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এর জেরে আজ, বৃহস্পতিবার সকালে আচমকাই মধ্যশিক্ষা পর্ষদে হাজির হয় সিবিআই। সেখানে তল্লাশি চালানো হয়। নানান নথি পত্র খুঁজে দেখা হয় বলে খবর। ডিরোজিও ভবনের ৬ জন কর্মীকে এদিন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে। এছাড়াও পর্ষদের অ্যাডমিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এবার পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদের তুলে নিয়ে গেল সিবিআই।





