‘দ্য কেরালা স্টোরি’র নিষেধাজ্ঞা নিয়ে ফের একবার তৃণমূল সমর্থিত ব্যক্তিত্বের সঙ্গে সংঘাতে জড়ালেন শাসকদলের নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করায় এবার চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। শিল্পীও পাল্টা দিলেন নেত্রীকে।
এর আগে এই একই ইস্যু নিয়ে সংঘাতে জড়ান শুভাপ্রসন্ন ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেই রেশ কাটতে না কাটতেই ফের এবার সায়নী বনাম শুভাপ্রসন্ন। গতকাল্ম বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে ফের ‘দ্য কেরালা স্টোরি’র প্রসঙ্গ ওঠে। এই ছবি নিষিদ্ধ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন শুভাপ্রসন্ন। এই নিয়েই শিল্পীকে তোপ দাগলেন সায়নী।
এদিন শুভাপ্রসন্নের বিরোধিতা সংক্রান্ত প্রশ্নের জবাবে সায়নী বলেন, “অনেক সময় প্রত্যাশা না মিটলে অনেকে বিরূপ মন্তব্য করেন। আমার মনে হয় শুভাদার ক্ষেত্রে সেটাই ঘটেছে”।
এর আগে শুভাপ্রসন্ন রাজ্যে পরিবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে সায়নীর আরও মন্তব্য, “ওঁর কি ১২ বছর আগে এসব মনে ছিল না? তখন তো সে সব কথা বলেননি! এখন কেন বলছেন”?
সায়নীর এই আক্রমণের পাল্টা জবাবও অবশ্য দিয়েছেন শুভাপ্রসন্ন। আরও কড়া ভাষায় আক্রমণ করে চিত্রশিল্পী সায়নীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, “তৃণমূলের উত্থানে সায়নীদের কী ভূমিকা রয়েছে? সিপিএমের বিরুদ্ধে আমরা যখন মমতার পাশে থেকে লড়াই করছিলাম, তখন কোথায় ছিলেন? ওঁর কবে জন্ম হয়েছে”?
তিনি আরও বলেন, “দলের সুখের সময়ে যাঁরা এসেছেন, ইতিহাস নিয়ে যাঁরা কিছুই জানেন না, তাঁদের সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করে না। আমার শুধু একটাই প্রশ্ন – কবে জন্ম হয়েছে”? ‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞা নিয়ে শাসক দলের নেতা-নেত্রীরা যেভাবে বিদ্বজনের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন বারবার, তাতে শাসকদলকে যে অস্বস্তিতে পড়তে হবে, তা বলাই বাহুল্য।





