দণ্ডিকাণ্ডে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, এমনটাই দাবী বিজেপির। এবার সেই রাজ্যপালকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, কী ভালো, কী খারাও ঠিক বোঝা যাচ্ছে না। কখন ভালো, কখন খারাপ, তাও বোধগম্য হচ্ছে না।
গতকাল, বৃহস্পতিবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে রাজ্যপালের প্রসঙ্গ। সেই প্রশ্নের জবাবে মদন বলেন, “আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনি এখন উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি সক্রিয় ছিলেন। এই রাজ্যপাল হয়ত ওনাকে ছাপিয়ে যেতে চাইছেন। প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হতে চাইছেন তিনি। সেই কারণেই হয়ত আরও বেশি করে সক্রিয় হয়ে পড়েছেন”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তিন আদিবাসী মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে ২৪ ঘণ্টার মধ্যে ফের তৃণমূলে ফেরেন তারা। তৃণমূলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটতে হয় তাদের। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্যে, নানান মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। দু’জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়।
এই ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি দেন তারা। বিজেপির দাবী, সেই স্মারকলিপির জবাবে রাজভবন থেকে একটি চিঠি আসে। সেখানে আশ্বাস দেওয়া হয় আদিবাসী সুরক্ষা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিন তা নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে, এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি রাজ্যপাল প্রসঙ্গে।





