সত্যিই কী মমতার কাছে গান শুনতে চাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায়? কী বলছে গায়িকার আত্মজীবনী?

গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিংবদন্তি গায়িকার এই মৃত্যুতে শোকে ভেঙে পড়েন অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছিলেন যে তিনি নিজের ‘অগ্রজা’কে হারিয়েছেন।

সেই সময় সাক্ষাৎকারে বলা মমতা একটি কথা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তিনি জানিয়েছিলেন, “সন্ধ‍্যা মুখোপাধ‍্যায় নিজে এত ভাল গান করতেন। আর এদিকে আমাকে বলতেন, মমতা একটা গান শোনাও না। আমি বলতাম, আপনি আমাকে বলছেন! আপনি নিজে সঙ্গীত বিশারদ। তাও গাইতে বলতেন। তাই আমাকে কতবার সন্ধ‍্যাদিকে গান গেয়ে শোনাতে হয়েছে”।

মমতার এই কথা নিয়ে ব্যাপক ট্রোল হতে শুরু করে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, একথা মেনে বিশ্বাস করতে পারেন নি অনেকেই। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন অভিনেত্রী সুদীপা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীর একটি অংশ ছবি তুলে শেয়ার করেছেন তিনি।

এই পৃষ্ঠায় দেখা যাচ্ছে, সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন যে মমতার গলায় ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটা শুনে খুব অবাক হয়েছিলেন তিনি। তাঁর সুরেলা গলার প্রশংসা করে তিনি মমতা জিজ্ঞাসা করেছিলেন তিনি গান শিখতেন কী না! গীতশ্রী আরও লিখেছেন যে তাঁর জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান মমতা।

সেই সময় সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে ‘প্রাণ ভরিয়ে’ গানটা মমতার থেকে শুনতে চেয়েছিলেন, এমনটাই লেখা গায়িকার আত্মজীবনীতে। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে থাকায় গান শোনানো সম্ভব হয়নি। বলেছিলেন, তাঁর বাড়ি গিয় তাঁকে গান শুনিয়ে আসবেন তিনি।

সুদীপা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এই পৃষ্ঠাটা দেখে চমকে উঠলাম, সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হল। কোনো মন্তব্য করতে চাই না আমি এই ব্যাপারে, ওঁর মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্বের লেখা নিয়ে মন্তব্য করার যোগ্যতাও আমার নেই। তবে এটুকুই বলার, আমরা না জেনে কতো কিছুকে ‘ডাঁহা মিথ্যে, এ হতেই পারে না’ ভেবে কতরকম মন্তব্যই না করি, হাসাহাসি করি”।

আরও অন্যান্য খবর