আর জি কর কাণ্ডে গত সাতদিন ধরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কপরের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়া চিকিৎসকরা। তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আর এবার সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ কোর্টে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোপন জবানবন্দি নাকি পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি, কোন কারণে নিয়ে যাওয়া হল তাঁকে?
এর আগে আর জি কর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এখনও সেই টেস্ট হয়নি। এবার সন্দীপ ঘোষেরও কী পলিগ্রাফ টেস্ট হবে, তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনই জানা হেল উত্তর। সন্দীপ ঘোষ ও আর জি করের চার চিকিৎসক পড়ুয়াকে আজ, বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় শিয়ালদহ কোর্টে। ফলে মনে করা হচ্ছিল, তাদের কী গোপন জবানবন্দি নেওয়া হবে নাকি পলিগ্রাফ টেস্ট করা হবে। এবার জানা গেল সত্যি।
বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদহ কোর্টে। সেখানে রুদ্ধদ্বার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের তরফে তাঁদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। সন্ধেয় সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। জানা গিয়েছে, আগামীকাল, শুক্রবার সকালে হবে এই পলিগ্রাফ টেস্ট।
প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি ছিল। এই ঘটনার অভিযুক্তের কেন এখনও পলিগ্রাফ টেস্ট করানো হয় নি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে সিবিআই। এদিন সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টার মধ্যে এই পলিগ্রাফ টেস্ট করাতে হবে। এবার এই টেস্ট হবে সন্দীপ ঘোষ-সহ চার চিকিৎসকদেরও।
আরও পড়ুনঃ ‘১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক’, ধর্ষণ-খুনের দ্রুত বিচারের দাবীতে মোদীকে চিঠি মমতার
এই পলিগ্রাফ টেস্ট আসলে কী?
এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায় কেউ কোনও বিষয়ে মিথ্যে বলছে কী না। বিশেষজ্ঞদের মতে, কারোর পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তার নাড়ি স্পন্দন, শ্বাসপ্রশ্বাসের গতি, রক্তচাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে, তা দেখা হয়। কেউ যদি মিথ্যে কথা বলে, তাহলে তার হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। এর ফলেই ইঙ্গিত পাওয়া যায়।





