সুপ্রিম কোর্টে আর জি করের মামলার শুনানির অপেক্ষায় প্রহর গুনছে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এমন সময় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আপাতত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। সেখান থেকেই দায়ের করলেন মামলা।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এক একাধিক। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপরই দায় মাথায় নিয়ে আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তবে বিতর্ক কমে নি তাঁকে নিয়ে।
তাঁর বিরুদ্ধে এরপর মেডিক্যাল বর্জ্য পাচার থেকে মৃতদেহ নিয়ে ব্যবসা, টাকা নিয়ে পড়ুয়াদের পাশ করানো, আর্থিক তছরুপ এমন নানান অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই দফতরে একটানা ১৫ দিন হাজিরা দিয়েছেন সন্দীপ। অবশেষে আর জি করের আর্থিক দুর্নীতির ঘটনায় গত সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। আগামী ৮ দিনের জন্য তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আগামীকাল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রয়েছে আর জি কর মামলার শুনানি। এরই মাঝে আজ, বুধবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন সন্দীপ ঘোষ। তাঁর অভিযোগ, আর জি করের আর্থিক দুর্নীতির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তাঁর কোনও কথা শোনা হয়নি। এমনকি, ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগকে জড়িয়ে হাইকোর্ট বিশেষ মন্তব্য করেছে বলেও অভিযোগ সন্দীপের। সেই কারণেই এই মামলা। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ মহিলা কর্মীকে ‘কুপ্রস্তাব’ তৃণমূল বিধায়কের! রাজি না হওয়ায় ‘চোর’ অপবাদ জুটল পুরকর্মীর!
আর জি কর হাসপাতালের মর্গ থেকে শুরু করে অধ্যক্ষের দফতরে পৌঁছেছিল সিবিআই। একাধিকবার হাসপাতালে এসে তদন্ত চালিয়েছে তারা। ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষের। গত সোমবার সিবিআই গ্রেফতার করে তাঁকে। সন্দীপের সঙ্গে তাঁর আরও তিন ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে।





