রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামের আদ্যক্ষর দ,ম,স,ন; জ্যোতিষীর মন্তব্যে ছড়াল চাঞ্চল্য

২০২১ এ বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি এমনিই সরগরম। তার উপর করোনা ও আমফান নিয়ে উত্তপ্ত বাক্যবাণ ছোঁড়াছুঁড়ি চলছেই সবুজ ও গেরুয়া দুই শিবিরেই। মাঝে মাঝে লাল এসে একটু লঙ্কাফোড়ন দিয়ে যাচ্ছে। ফলে রাজনীতির কষা ঝাঁঝ এখন ভালই উপভোগ করছেন গৃহবন্দি রাজ্যবাসী।

এবার বোমা ফাটালেন বিখ্যাত জ্যোতিষী শ্রী সন্তবেত্রা অশোকাচার্য। তিনি সাফ জানিয়ে দিলেন যে, ২০২১ এ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল সরকার। রাজ্যে আসবে বিজেপি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

গ্রহ নক্ষত্র নামে একটি ইউটিউব চ্যানেলে এই জ্যোতিষী দাবি করেছেন, ২০২১ সালে তৃণমূলের অবস্থান অনেকটা ২০০৬ সালে যেরকম অবস্থান ছিল সেরকম হয়ে যাবে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকুজি কোষ্ঠী গণনা করে দেখেছেন, মমতার শনিতে শুক্র প্রবেশ করবে। মুন্থা প্রবেশ করবে অষ্টমে ও মুন্থা থেকে মুন্থেশও প্রবেশ করবে অষ্টমে। তাই মুখ্যমন্ত্রীর মধ্যে অস্থিরতা কাজ করবে যার প্রভাব পড়বে ভোট বাক্সে। ‌ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের নির্বাচনের ফলাফল সহ্য করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন এই জ্যোতিষী। ‌ তিনি জানিয়েছেন যে, আগামী বছর নির্বাচনে বিজেপি পেতে চলেছে ৩৫ থেকে ৩৬ শতাংশ ভোট, তৃণমূল পাবে ৩২ শতাংশ ভোট, বামপন্থীরা পাবেন ১৪ শতাংশ, কংগ্রেস ও অন্যান্যরা পাবেন ১০ শতাংশ করে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট সব একত্রিত হবে বলেও জানিয়েছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিজেপি কমবেশি ১৫০টি-র মতো আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এরপরেই অন্যতম একটি বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন এই জ্যোতিষী। তিনি জানিয়েছেন আগামী বছর যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন এই রাজ্যে তার নামের আদ্যক্ষর হবে, ডি বা এস বা এম অথবা এন দিয়ে।

এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা বলতে শুরু করেছেন যে আগামী বছর রাজ্যের শাসকদলের পতন যে অনিবার্য তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। যদিও শাসক শিবির বলছেন যে, এই সব ভবিষ্যদ্বাণীতে তারা বিশ্বাস করেন না।

 

** খবর ২৪×৭ এই ভিডিও-র যথার্থতা সম্পর্কে কোনো রকম দাবি করছে না। এই ভিডিওতে যা বলা হয়েছে তাই পাঠকদের সামনে শুধুমাত্র তুলে ধরা হল। **

আরও অন্যান্য খবর