সম্প্রতি ডিয়ার লটারি (Dear Lottery) নিয়ে নানান প্রসঙ্গ দানা বেঁধেছে। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীদের লটারি জেতা নিয়ে সন্দেহ বেড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ডিয়ার লটারির সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) যোগ রয়েছে বলে দাবী তোলা হয়েছে বিজেপির তরফে। এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) বিস্ফোরক দাবী তুলে বললেন, “ডিয়ার লটারি থেকে মাসে ৪০ কোটি টাকা পান ভাইপো বন্দ্যোপাধ্যায়”।
বলে রাখি, চলতি বছরের শুরুর দিকে ডিয়ার লটারি থেকে ১ কোটি টাকা জিতেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত করছে সিবিআই। অনুব্রত আপাতত জেলবন্দি। কিন্তু তিনি সত্যিই লটারিতে টাকা জিতেছিলেন নাকি এটা শুধুমাত্র কালো টাকা সাদা করার একটা ফন্দি, তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, ওই লটারি জেতার আগেও অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’বার লটারির টাকা ঢুকেছে। একবার ২৫ লক্ষ ও আরেক বার ২৬ লক্ষ অর্থাৎ মোট ৫১ লক্ষ টাকা ঢুকেছে সুকন্যার অ্যাকাউন্টে। আবার ২০১৯ সালে অনুব্রতর এক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ঢুকেছে বলে দাবী সিবিআইয়ের। একই পরিবারে এতবার লটারি জেতার ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।
এহেন পরিস্থিতির মধ্যেই সৌমিত্র খাঁ দাবী করলেন, “ডিয়ার লটারি থেকে ভাইপো বন্দ্যোপাধ্যায় ১০ কোটি টাকা তোলা পায় প্রতি সপ্তাহে”। তাঁর এহেন মন্তব্য কতটা ঠিক, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি সাংসদের এমন মন্তব্যের জেরে যে রাজ্য-রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, তা বলাই বাহুল্য।
শুধুমাত্র অনুব্রত বা তাঁর মেয়েই নন, এই ডিয়ার লটারি থেকে টাকা জিতেছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরাও। কিছুদিন আগেই জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী ডিয়ার লটারিতে টাকা জেতেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে সিবিআই। আর এরই মাঝে সৌমিত্র খাঁ-র এমন মন্তব্য বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।





