দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন তিনি। সেখানকার এক হাসপাতালেই চোখের অস্ত্রোপচার (eye surgery) হয়েছে তাঁর। এর আগেও দুবাই গিয়েছিলেন তিনি চোখের চিকিৎসা করাতে। এবার তাঁর এই চোখের চিকিৎসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।
চোখের সমস্যার চিকিৎসা করাতে বিদেশে কেন? আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর খরচ আসছে কোথা থেকে? এ নিয়ে বিরোধীরা বারবার নানান প্রশ্ন তুলেছেন। তাদের কথায়, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, তাই জন্যই চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছে অভিষেককে। গেরুয়া শিবির এও কটাক্ষ করেছে যে স্বাস্থ্যসাথীতে বাংলায় চিকিৎসা হচ্ছে না?
এসবের মধ্যেই এবার অভিষেকের চিকিৎসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবী, সিবিআই-ইডির হাত থেকে বাঁচতেই অভিষেক বিদেশে পালিয়েছেন। তিনি এও বলেন যে ২০২৪-এর আগে নাকি অভিষেক দেশে ফিরবেন না।
বিজেপি সাংসদের দাবী, সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো ঘুরছে, তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিষেকের চোখের যে ছবি দিয়েছেন, তা নাকি পুরনো। তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হবেন না বলেই অভিষেক বিদেশে পালিয়েছেন বলে দাবী সৌমিত্র খাঁ-র। তাঁর এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতিতে এ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।
বলে রাখি, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁর গাড়িটি। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় অভিষেকের।
এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন তৃণমূল সাংসদ। আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার সফল হয়েছে। সম্প্রতি নবান্নে ঘনিষ্ঠ মহলে অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





