আগামী মাসেই কলকাতায় পুরসভার ভোট। গতকাল, শুক্রবারই তৃণমূলের তরফে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তবে নানান গুরুত্বপূর্ণ নেতার পরিজনদের বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। এই নিয়ে ক্ষোভও দেখা দিয়েছে একাধিক নেতা-নেত্রীর মধ্যে।
দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থাকা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়কে এবার পুরভোটে প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হল না। আর প্রার্থী তালিকা ঘোষণার পর আকারে-ইঙ্গিতে সায়নদেব বুঝিয়ে দিলেন যে তিনি মোটেই সন্তুষ্ট নন।
পুরভোটে প্রার্থী ঘোষণার পর সায়নদেব টুইট করে লেখেন, “আত্মত্যাগ করার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, আত্মহত্যা করার পর বলা হল, এখনও সময় হয়নি”। তাঁর সংযোজন, “নিজের সময় আসা পর্যন্ত যে অন্যদের জন্য হাততালি দিয়ে যেতে হয় তা শিখলাম” শোভন-পুত্রের এমন টুইটকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চালু করেছিলেন ‘এক ব্যক্তি এক পদ’ নীতি। কিন্তু তা সত্ত্বেও পুরভোটের প্রার্থী তালিকায় বেশ কিছু বিধায়কের নাম দেখা গিয়েছে। এই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। আবার নানান প্রভাবশালী নেতার পরিজনদের নামও রয়েছে এই প্রার্থী তালিকায়। রয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজারা ও তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসুর নাম।
উল্লেখ্য, একুশের নির্বাচনে ভবানীপুর আসন থেকে জয়লাভের পরেও শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজের আসন ছেড়ে দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলের জল্পনা ছিল যে তাঁর সেই ত্যাগের ফলস্বরূপ তাঁর পুত্রকে প্রার্থী তালিকায় রাখা হবে। কিন্তু প্রার্থী তালিকা থেকে জায়গা হল না শোভন-পুত্রের।a





