একদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীনই স্কুলে চলছে মোচ্ছব-হইচই। ভাত, ডাল, তরকারি, মাংস, মিষ্টি দিয়ে পিকনিক চলছে স্কুলে। এমন দেদার মধ্যাহ্নভোজের আয়োজন করলেন খোদ স্কুলের প্রধান শিক্ষকই। এমনই ঘটনা ঘটতে দেখা গেল নদিয়ার করিমপুরের জমশেরপুর বিএন হাইস্কুলে।
গতকাল, সোমবার ছিল উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা। সূত্রের খবর, কয়েকদিন আগে স্কুলের শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সোমবারের এই বিশেষ মধ্যাহ্নভোজনের কথা জানান প্রধান শিক্ষক উত্তম মণ্ডল। সমস্ত শিক্ষকদের আমন্ত্রণ করেন তিনি।
গতকাল, সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয় শিক্ষকদের সেই পিকনিক। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সময় ১টা ১৫ মিনিটে। উচ্চমাধ্যমিক পরীক্ষার চলাকালীনই স্কুলের মধ্যে এমন এক মোচ্ছবের আয়োজন কীভাবে করা হল, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
যদিও এই ঘটনায় বিতর্কের কিছুই দেখছেন না প্রধান শিক্ষক উত্তম মণ্ডল। তিনি বলেন, “মধ্যাহ্নভোজ নিয়ে এত বিতর্কের কী আছে, বুঝতে পারছি না। সামান্য টিফিনের আয়োজন করা হয়েছিল”।
প্রধান শিক্ষকের দাবী, এই মধ্যাহ্নভোজনের কারণে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হয়নি। তবে এই ঘটনা নিয়ে পরীক্ষার্থীদের একাংশ বেশ বিরক্ত। এক ছাত্রের কথায়, “পরীক্ষার সময় বাইরে চিৎকার চেঁচামেচি। বিরক্ত লাগছিল”।
অন্যদিকে, স্কুল পরিচালন সমিতির সভাপতি অনন্তকুমার বিশ্বাস স্কুলে আয়োজিত পিকনিকের কথা স্বীকার করেছেন। তিনি এই বিষয়ে বলেন, “আমি জেনেছি। তবে আমন্ত্রিত ছিলাম না। এ রকম হলে তো পরীক্ষার্থীদের অসুবিধা হবেই”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার