নিয়োগ দুর্নীতি যখন রাজ্য সরকার কোণঠাসা হয়ে গিয়েছে, সেই সময় বাম আমলে (CPM regime) চিরকুটের সুপারিশে চাকরি হত বলে পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছে শাসক দল। সেই বিতর্কেই ঘি ঢেলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর বাবা তথা বাম আমলের মন্ত্রী কমল গুহর (Kamal Guha) কথা টেনে এনে উদয়ন গুহ দাবী করেছিলেন যে তাঁর বাবা দলের স্বার্থে অনেককে চাকরি দিয়েছিলেন বাম জমানায়। এবার উদয়নের এই মন্তব্যের বিরোধিতা করলেন খোদ তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায় (Ujjani Roy)। মামার পদত্যাগের দাবীও তোলেন তিনি। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন উজ্জয়িনী রায়।
শাসক দলের একাধিক নেতা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবী করেছেন যে বাম জমানায় চিরকুটের সুপারিশে চাকরি হত। সেই সময় থেকেই চলছে দুর্নীতি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই উদয়ন গুহ বলেছিলেন, “দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন। আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন”।
তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেছেন তাঁর ভাগ্নি তথা বিজেপি নেত্রী উজ্জয়িনী রায়। দাদু কমল গুহর পাশে দাঁড়িয়ে মামা উদয়ন গুহকে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, “উদয়নবাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এই কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এসব কথা শুনে। মাননীয় মন্ত্রীর অনেক বয়স হয়েছে ওঁর পদত্যাগ করে তীর্থ করা উচিত। ওটাই এখন ওঁর জন্য আদর্শ”।
তাঁর সংযোজন, “ উনি ভুলভাল বকছেন। গত দু’মাস ধরে আমরা দেখছি বিভিন্ন চাকরি কেলেঙ্কারিতে শাসকদলের অনেক নেতা–নেত্রীকে ধরা হচ্ছে। সেখানে উনিও যুক্ত আছেন। এখন নিজেরটা ঢাকার জন্য বাবাকে টেনে আনছেন। বাবাকে ছাড়া তো উনি জীবনে কিছুই করতে পারেননি”।
উদয়ন গুহর দাবীকে নস্যাৎ করে তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাঁর ভাগ্নি। তিনি বলেন, “আপনি একটা ফাইলও বের করতে পারবেন যাতে দুর্নীতির প্রমাণ আছে? যদি ক্ষমতা থাকে ফাইল বের করে দেখান। অনেকে কমল গুহর নাম ভাঙিয়ে দুর্নীতি করেছে। আদতে কমল গুহর সরাসরি কোনও দুর্নীতি যোগ ছিল না”।





